Header Ads

Header ADS

ডায়াবেটিস এবং ওজন কমানোর ফর্মুলা

ডায়াবেটিস এবং ওজন কমানোর ফর্মুলা

স্বাস্থ্যবার্তা: সুস্বাস্থের জন্য কী না করে মানুষ। আর ডায়াবেটিস কিংবা শরীরের স্থূলতা নিয়ে অসংখ্য মানুষ রয়েছেন ভীষণ অশ্বস্তিতে। সেজন্য সম্প্রতি একটি ফর্মুলা এসেছে, যাতে সপ্তাহে দু’দিন অনাহারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সপ্তাহে পাঁচদিন নিয়মিত খাবেন-দাবেন, দুদিন অনাহারে থাকবেন। ওজন কমাতে আর ডায়াবেটিস ঠেকাতে এটাই নাকি সবচেয়ে সহজ আর কার্যকর উপায়।

বেশ কিছু সমীক্ষায় এর কার্যকারিতার প্রমাণ পেয়েছেন বিবিসির স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক মাইকেল মোজলে। মোজলে নিজেই একজন ডাক্তার।

পরীক্ষায় চমকপ্রদ ফল পেয়েছেন তিনি। বিবিসির একটি ডকুমেন্টারি ‘ইট, ফাস্ট এন্ড লিভ লংগার’ এর জন্য তিনি সপ্তাহ পাঁচদিন নিয়মিত খাওয়া দাওয়া করেছেন আর দু’দিন অনাহারে থেকেছেন। এই ডায়েট ৫:২ নামেই পরিচিত।

যে দু’দিন অনাহারে থাকার কথা, সেদিন একদম না খেয়ে থাকতে হবে তা নয়। তবে কোনভাবেই মহিলাদের বেলায় পাঁচশ’ ক্যালরি আর পুরুষদের বেলায় ছয়শ’ ক্যালরির বেশি খাওয়া যাবে না।

মাত্র পাঁচ সপ্তাহ এই ডায়েট অনুসরণ করে চমকপ্রদ ফল পেয়েছেন মাইকেল মোজলে। তার ওজন কমেছে ছয় কেজি। সেই সঙ্গে তার রক্তে কোলেস্টেরল এবং গ্লুকোজ খুবই নিয়ন্ত্রণের মধ্যে ছিল।

৫:২ ডায়েট প্ল্যান এখন বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়। তবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শে বলা হচ্ছে, এরকম ঘন ঘন অনাহারে থাকার সুবিধা নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিঃসন্দেহ নন।

কেউ এই ডায়েট অনুসরণ করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে বলেছে ন্যাশনাল হেলথ সার্ভিস। বিশেষ করে গর্ভবতী, ডায়াবেটিক বা যারা ওষুধ খাচ্ছেন, তাদের জন্য অনেক সময় এরকম অনাহারে থাকা বিপদ ডেকে আনতে পারে।

ড. মাইকেল মোজলে বলছেন, খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন সংযম দরকার, তেমনি অনাহারে থাকার ক্ষেত্রেও সংযম প্রয়োজন।

সূত্র: বিবিসি বাংলা

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.