এই প্রথম নবীগঞ্জে ৫ জন করোনা আক্রান্ত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুরো এপ্রিল মাস জুড়ে কোনো করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ নমুনা পাঠালেও আসে নেগেটিভ। মে মাসের প্রথম দিনেই নবীগঞ্জে ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (১ মে) বিকেল ৫টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ ৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ এপ্রিল নবীগঞ্জ থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এদের মধ্যে ৫জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩জন, একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ১ জন, করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১জন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, নবীগঞ্জে এই প্রথম ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সকলই পুরুষ।
তিনি আরো বলেন, আক্রান্ত সবাই নারায়ণগঞ্জ ফেরত। তারা নারায়ণগঞ্জে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। গত ২৬ এপ্রিল রাতে নবীগঞ্জে আসলে প্রশাসন তাদের আটক করে কোয়ারেন্টাইনে রাখে এবং নমুনা পরীক্ষায় পাঠায়। তাদের মধ্যে ৪ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। এবং ১ জনকে স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হয়। নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭৪ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৪ জনের, এর মধ্যে আজ করোনা পজেটিভ এসেছে ৫ জনের। তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র - এইবেলা

No comments